ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন মো. অহিদুর রহমানকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার (২৬ আগস্ট) সকালে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, র্যাব-৩ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে রাজধানীর শাহজাহানপুর থানাধীন ঢাকা ব্যাংক লিমিটেড, ২০ আউটার সার্কুলার রোড রাজারবাগ রাস্তার উপর থেকে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন অহিদুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ২টি স্মার্টফোন (জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত), বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা ও পার্সোনাল সিমকার্ড ২টি, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং ১টি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক জুয়া সাইটের অ্যাডমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ফেইক অ্যাকাউন্ট এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার বেটিং সাইট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিল বলে সে স্বীকার করে। তিনি মোবাইলের হোয়াটস অ্যাপ এবং মেসেঞ্জার এর চ্যাট হিস্টোরি পর্যালোচনা করে আসামির সাথে দেশ বিদেশের অন্যান্য ব্যক্তির সাথে জুয়া-বেটিং সাইট এর প্রচার ও অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। গ্রেফতার আসামি এই জুয়া-বেটিং চক্রের একজন সুপার এজেন্ট বলে জানা যায়। তারা এক বা একাধিক ব্যক্তি এজেন্ট, ইউজার সুপার অ্যাডমিন মিলে মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়া (বেটিং) তাদের নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে পরিচালনা করে আসছে। গ্রেফতার আসামি ও তার সহযোগীরা টাকার বিনিময়ে গ্রাহকদের নিকট অনলাইনে বেটিং খেলার জন্য বেটিং সাইটের নিজস্ব কারেন্সি বিক্রয় করে থাকে।
তিনি জানান, গ্রেফতার আসামি আহিদুর রহমান এর ব্যবহৃত মুঠোফোন SAMSUNG এর Chrome browser history পর্যালোচনা করে দেখা যায় ag.aagun.site, ag.agunt97.net, www.nayaludus.win, ag.luckybuzz.site, tkbaazi.site, ag.aagun.site, ag.admhor247.win,ag.nayaludus.win,bajiex.win,aagun.site,fsa.velkigames365.cc, https://www.facebook.com/abid.khan.488661 নামক সাইটের কোনটির অ্যাডমিন, আবার কোনটির এজেন্ট হিসাবে কাজ করে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় অনলাইন বেটিং খেলার জন্য গ্রাহক সংগ্রহের নিমিত্তে তার দুটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যার নাম https://www.facebook.com/abid.khan.488661 ও
https://www.facebook.com/ahidur.rahman.576592
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই চক্রের সঙ্গে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সদস্য সম্পৃক্ত রয়েছে। গ্রেফতার আসামি ও তার সহযোগীরা জুয়া (বেটিং) সাইট পরিচালনা করে অর্জিত অর্থ দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ অবৈধ সম্পদ অর্জন করেছে বলে জানা যায়। তিনি ও তার সহযোগীরা পরস্পরের সহযোগিতায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অবৈধ জুয়ার সাইট পরিচালনায়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করায় এবং ভূয়া পরিচয়ে ফেইসবুক-হোয়াটস অ্যাপে ছদ্মনামে অ্যাকাউন্ট খুলে বেটিং সাইট পরিচালনা করে জুয়া ও জুয়ার স্থান পরিচালনা, জুয়ার সামগ্রী সংরক্ষণ ও জুয়া কার্যক্রম পরিচালনা করে।
গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।