Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ থানায় ১৩ মামলা / সংসদ এলাকার সেই ছিনতাইকারী প্যারা পনি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৯:০৬

স্কুলশিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল আসামি প্যারা পনি সহযোগীসহ গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে সংঘটিত স্কুল শিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি ১৩টি মামলা নিয়ে ঘুরছিল রাজধানীতে। এই হত্যার ঘটনায় প্যারা পনি এবং তার সহযোগীকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-২ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার (৩০ আগস্ট) র‌্যাব-২ জানতে পারে যে, দেশব্যাপী আলোচিত ছিনতাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণকারী স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) হত্যা মামলার ছিনতাইকারীরা রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার সন্দিগ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনিকে তার সহযোগী সেড্রিকসহ গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।’

বিজ্ঞাপন

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘মোটরসাইকেলের মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোটরসাইকেলটি ঘটনার দিন পনি গাজীর হেফাজতে ছিল। এ ছাড়া ভিকটিমের স্বামী আব্দুল মতিন ঘটনাস্থলে এই বাইকটি ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছেন।’

তিনি বলেন, ‘গ্রেফতার আসামি প্যারা পনির নামে রাজধানীর হাতিরঝিল, আদাবর ও কাফরুল থানায় মাদকের তিনটি; ভাটারা, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা, শাহজাহানপুর থানায় চুরি, সিঁদেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি; আদাবর, খিলগাঁও, কামরাঙ্গীরচর থানায় চুরি ও সিঁদেল চুরির তিনটি এবং চাঁদপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।’

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।’ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এর আগে, গত ২৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ৬টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন চিকিৎসার উদ্দেশ্যে তার স্বামীর সঙ্গে গাবতলী থেকে রিকশাযোগে রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

রিকশাটি জাতীয় সংসদ ভবণের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী পেছন থেকে ভিকটিম রনজিনা পারভিনের ব্যাগ ধরে টান দেয়। এ ঘটনায় ভিকটিম রিকশা থেকে ছিটকে নিচে পড়ে যান এবং তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দু’জন ছিনতাইকারীকে আসামি করে রাজধানী শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় প্যারা পনিরসহ দু’জনকে গ্রেফতার করা হলো।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর