Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দরে সোনা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২২:৩৭

গ্রেফতার ২ ছাত্রদল নেতা।

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজন পলাতক রয়েছে।

ওসি কামরুল হাসান বলেন, শনিবার আমরা ২ জনকে গ্রেফতার করেছি। তারা একদিনের রিমান্ডে আছে। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গ্রেফতারদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কারো রাজনৈতিক পরিচয় আছে কি না জানিনা। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য না। অপরাধী পরিচয়টাই প্রধান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট প্রবাসীর ভাই মো. সুমন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ৩ নম্বর আসামি ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী বলেন, আমার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট বড় ভাই আমার বোনের বিবাহ ও আমার পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাঠান। পরে আমি ও আমার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওইদিন রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ও আমার বন্ধু রোহানের কাছে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার নিয়ে ভাড়াকৃত হায়েচ গাড়িতে উঠি।

সেখান থেকে রাত ৮টা ৫ মিনিটে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কস্থ বলাকা ভবনের বিপরীত পাশে রাস্তায় আসামিরা বলেন, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করি এবং আমাদের কাছে বোমা আছে। এ কথা বলে আমাদেরকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা আমাদের সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুইজনকে উদ্ধার করে। এসময় একজন পথচারী আমাদের বাঁচানোর চেষ্টা করে এবং অপর একজন পথচারীর কৌশলে তার মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে। একপর্যায়ে আরো লোকজন আসতে দেখে আসামিরা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর