চট্টগ্রাম: নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ ও খুলশী এলাকায় টানা ১০ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।
পুলিশ জানায়, সজল কান্তি দাশ নগরীর পাঁচলাইশ থানার সানন্দা আবাসিক এলাকায় এবং সারোয়ার জাহান নুর ওরফে আদিব খুলশী থানার রূপসী হাউজিং এলাকায় বসবাস করছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ বলেন, ‘আজ সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজন নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।’
পাঁচলাইশ মডেল থানা পুলিশ আরও জানায়, তথ্য ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।