Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩১

ঢাকা: রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেস্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫)। এ ঘটনায় জড়িত আইনের সঙ্গে সংঘাতে থাকা এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেস্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে মিরপুরের আহম্মেদনগর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, মামলার বাদী একটি ট্রাভেল এজেন্সির মালিক। কয়েক মাস আগে সোহানা বাদীর সঙ্গে যোগাযোগ করে নিজে ও তার মা ওমরাহ পালনে যাবেন বলে জানান। এ সূত্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে গত ৩১ আগস্ট বাদীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানে সোহানা কৌশলে বাদীকে তার শয়নকক্ষে নিয়ে আপত্তিকর অবস্থায় জড়িয়ে ধরেন। এ সময় অন্য অভিযুক্তরা ওই কক্ষে প্রবেশ করে বাদীকে মারধর এবং তার সঙ্গে সোহানার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাদীর কাছ থেকে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে আরও ২ লাখ ১০ হাজার টাকা আদায় করেন। এভাবে মোট ৫ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেফতারের সময় সোহানার হেফাজত থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা ও আইএফআইসি ব্যাংকের দুটি হিসাবের ডিপোজিট স্লিপ, ছাব্বির আহম্মেদের কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন ও একটি আইফোন ১১ প্রো ম্যাক্স এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটির কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর