Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাবি করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

রাবিতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন উপাচার্য।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর রাকসু ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ অনেকেই।

বিজ্ঞাপন

পরে সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান এবং রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ ছাড়াও সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত।

দিবসের কর্মসূচিতে আরও ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা, রাকসুর কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা এবং রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা। এদিন শহিদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রয়েছে।

সারাবাংলা/এআর