Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১২:২৮ | আপডেট: ২২ মে ২০২৬ ১৫:৫৮

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত আপলোড করতে হবে।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

মাঠপর্যায়ের আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোকেও এই নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। আগামী ৪ জুনের মধ্যে এই কাজ শেষ করে একটি নির্দিষ্ট গুগল ফরমে তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মাউশির অফিস আদেশে বলা হয়েছে, সরকারি অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও সেগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও তা সচল রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের আগেরও একটি নির্দেশনা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ম অনুযায়ী, সরকারি সব দফতরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের বেশ কিছু অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এই নিয়ম সঠিকভাবে মানছে না, যা অত্যন্ত জরুরি একটি বিষয়।

এই পরিস্থিতি বিবেচনা করে মাউশি কর্তৃপক্ষ আগামী ৪ জুনের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং শিক্ষা অফিসগুলোকে তাদের ডিজিটাল পোর্টাল বা ওয়েবসাইট তৈরি অথবা সংস্কার করার চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে। এই ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত গুগল ফরমের লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) গিয়ে তথ্য সাবমিট করে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর