ঢাকা: রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সারাদেশের অনেক শিক্ষার্থী বৃত্তির কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের দাবি, যথাযথ মুল্যায়ন করা হয়নি বলে বৃত্তির ফলাফল থেকে বাদ পড়েছে তারা।
এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করতে পারবে। আগামী ৭ দিনের মধ্যে খাতা চ্যালেঞ্জের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তবে এর জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদনের নিয়মাবলি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর সাধারণভাবে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হয়। তবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ফল প্রকাশের সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন দাখিল করতে হবে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের যৌক্তিকতা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
প্রতি বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এ অর্থ সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অথবা নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
ফলাফল নিষ্পত্তি ও প্রকাশ
আবেদন জমা পড়ার পর তা মূল্যায়নের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। আবেদন দাখিলের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা তার বিভাগের এ কাজে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক/কর্মকর্তা নিয়োগ করে উত্তরপত্র পুনঃনিরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।