ঢাকা: হঠাৎ ভারী বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ অবস্থায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকার দুটি স্থানে সড়ক আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরত পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।
দুপুর ১২টার দিকে তারা সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন।
দুপুর দেড়টার পর আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করেন। দুপুর পৌনে ২টায় নিউ মার্কেট থানার এসআই সজীব গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ছেড়ে দিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছেন।’
এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে— ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে— শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক— শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো—আগুন জ্বালো’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন। ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউ মার্কেটগুলো সড়ক অবরোধ করেন। তাতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের এলাকায়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা।
এ কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ এলাকায়। আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এ সময় পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের সামনে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘শিক্ষার্থীদের আটকে দেওয়ার পর তাদের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু শিক্ষার্থী নীলক্ষেতের সড়কে অবস্থান নিয়েছেন।’
প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পাশেই ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আলোচনা করেন।
এদিকে শিক্ষার্থীদের একাংশ উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। ময়মনসিংহে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১.দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
২.বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।