Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীর্ঘ ২ বছর পর ট্রেজারার পেল বেরোবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১২:৫৩

অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।

রংপুর: দীর্ঘ প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ ট্রেজারার পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। এর মাধ্যমে যা বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক জটিলতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. আবু হানিফ সরকার যোগদানের তারিখ থেকে চার বছর ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৭ ডিসেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সম্মানী পাবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এছাড়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর গত ২০২৪ সালের ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর প্রায় দুই বছর ধরে ট্রেজারার পদটি শূন্য ছিল। এই দীর্ঘ সময়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীকে ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছিল। নতুন ট্রেজারার নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং উপাচার্যের ওপর থেকে এই অতিরিক্ত কাজের চাপ কমবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর