ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের চলমান সংকট নিরসন, শিক্ষা কার্যক্রম পুনরায় চালু এবং স্বাধীন তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড।
বুধবার (২৮ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় ট্রাস্টের চেয়ারম্যান মো. আলিম উদ্দীন লস্কর অভিযোগ করে বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে ২০১৫ সালে গঠিত একটি পৃথক ট্রাস্ট অবৈধভাবে নিজেদের প্রতিষ্ঠান দাবি করে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করছে।
তিনি বলেন, ‘সম্প্রতি বহিরাগতদের সহায়তায় ক্যাম্পাসে ভাঙচুর, দখল এবং রাজনৈতিক স্লোগানের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসির বিধিমালার পরিপন্থি।’
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি। এছাড়া সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার ভূমিকাও নিরপেক্ষ ছিল না।
ট্রাস্টি বোর্ডের অভিযোগ, জালিয়াতি, অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার চেষ্টা করা হয়েছে।
তারা জানান, এসব বিষয়ে প্রয়োজনীয় নথি ও তথ্য-প্রমাণ শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।