জবি: স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা বাসটিতে হামলা চালায়।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটেছে। আরও অনেকে আহত হয়েছেন।’
জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, ‘সাভারের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড বাজারে আমাদের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে এক অটোচালকের কথা-কাটাকাটি হয়। পরে বাসটি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর পেছনে থাকা কালিগঙ্গা বাসে ওই অটোচালক কয়েকজন লোকজন নিয়ে হামলা চালায়। এতে চালকসহ আমাদের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। স্থানীয়রা সম্ভবত বাসটিকে ওই ঘটনার সঙ্গে জড়িত মনে করে টার্গেট করে হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মামলা করলে তা গ্রহণ করা হবে।’