Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির নতুন সহকারী প্রক্টর অধ্যাপক হালিমা ও অধ্যাপক মঞ্জুর

কুবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৩:১০

নতুন দুই সহকারী প্রক্টর।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন দুই সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন।

রোববার (১৬ আগস্ট) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্থলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

নতুন সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করার জন্য। একই সঙ্গে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের প্রত্যাশা ও নির্দেশনা অনুযায়ী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করাই হবে আমার লক্ষ্য। শিক্ষার্থীদের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া, সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি।’

সারাবাংলা/এআর