খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী-এই তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে নেওয়া হবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সহজতর করা এবং তাদের যাতায়াত ও আবাসন সংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে উল্লিখিত ৩টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চল থেকে তুলনামূলকভাবে নিকটবর্তী তিনটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। কুয়েট কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ভোগান্তিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যাতায়াত ও আবাসন সংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।