Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্লোবাল পেমেন্ট সুবিধা দিতে স্ট্রাইপের সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়’

সারাবাংলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২২:২৫

ঢাকা: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রিমোট কর্মী এবং ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ আরও সহজ, নিরাপদ ও বাধাহীন করতে বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘স্ট্রাইপ’ এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথা জানিয়েছে ‘প্রিয়’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউথ সান ফ্রান্সিসকোতে স্ট্রাইপের সদর দফতরে এই চুক্তি চূড়ান্ত হয়।

‘প্রিয়’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন স্ট্রাইপের সদর দফতর পরিদর্শনের পর উভয় প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ার্কফোর্সের ক্রস-বর্ডার পেমেন্ট জটিলতা দূর করার বিষয়ে একমত পোষণ করে। এই চুক্তির ফলে ‘প্রিয়’ ব্যবহারকারীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ক্লায়েন্টদের কাছে পেমেন্ট লিংক তৈরি করে পাঠাতে পারবেন। এর মাধ্যমে ক্লায়েন্টরা তাদের সুবিধামতো গ্লোবাল নেটওয়ার্কের ক্রেডিট ও ডেবিট কার্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপের ব্যাংক ট্রান্সফার, ডিজিটাল ওয়ালেট এবং ভারতের ইউপিআই ব্যবহার করে নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া আগামী কয়েক মাসের মধ্যে বিশাল চীনা বাজার ধরতে পেমেন্ট ইকোসিস্টেমে ‘আলি পে’ এবং ‘উইচ্যাট পে’-ও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্রিল্যান্স এবং রিমোট কাজের অর্থনীতি বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও, পারিশ্রমিক বা পেমেন্ট সংগ্রহ করা রিমোট কর্মীদের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। স্ট্রাইপের বিশ্বমানের পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং কমপ্লায়েন্স ও নিরাপত্তার প্রতি প্রিয়’র প্রতিশ্রুতির সমন্বয় এই সমস্যার একটি স্থায়ী সমাধান নিয়ে এসেছে।

প্রিয়’র প্রতিষ্ঠাতা ও সিইও জাকারিয়া স্বপন বলেন, এই অংশীদারিত্ব শুধু পেমেন্টের চেয়েও বড় কিছু, এটি নতুন সুযোগ তৈরি করার বিষয়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ মেধাবী ফ্রিল্যান্সার তাদের কাজের পারিশ্রমিক পাওয়ার জন্য একটি সহজ, নিরাপদ এবং কমপ্লায়েন্ট পদ্ধতির দাবিদার। স্ট্রাইপের সঙ্গে মিলে আমরা সেটিকে বাস্তবে রূপ দিচ্ছি।

সারাবাংলা/ইআ