Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, আরও তিন কমিশনার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৫:০৫ | আপডেট: ৪ জুন ২০২৬ ২০:১৩

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান – কোলাজ ছবি

ঢাকা: পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. মাসুদ খান-কে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড-এর চেয়ারম্যান।

এছাড়া সংস্থার তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক সিএফএ, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনাল-এর ফাইনান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) তাদের এ পদে নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে এদিন সকালেই বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। আর পদত্যাগকারী কমিশনাররা হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

প্রসঙ্গত: নতুন নিয়োগপ্রাপ্ত মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস, জিএসকে এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ খান-এর প্রায় ৫০ বছর বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।