ঢাকা: দেশের বিমা খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে কার্যকর আইনি ও নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিমা খাতে সুশাসন নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং খাতটি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলেও বাংলাদেশে বিমা খাত এখনও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেনি। মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ ও উদ্যোক্তা সৃষ্টিতে বীমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আইন, নীতিমালা ও তদারকি ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট সুপারিশ তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের সঙ্গে সমন্বয় করে এমন নীতিগত ও আইনি কাঠামো প্রণয়নের ওপর জোর দেন, যা বিমা শিল্পকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করবে।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে কাজ করছে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং অর্থ পাচার রোধ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।
তিনি আরও বলেন, নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি মানুষকে বিমার আওতায় আনতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন, বিধিমালা ও কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।