Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে অর্থমন্ত্রী / ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২৩:৪১

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে মোট ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আলোচ্য অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।’ তিনি আরও বলেন, ‘কর ফাঁকি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কাস্টমস সংক্রান্ত কর ফাঁকির দায়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০২টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৯২টি মামলার আইনি নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।’

বিজ্ঞাপন

রাজস্ব আয় বাড়াতে সরকারের দু’মুখী কৌশলের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে কর ছাড়ের পরিমাণ যথাসম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্ব ফাঁকি রোধ ও বকেয়া আদায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, ঝুলে থাকা মামলা নিষ্পত্তি, নিলাম প্রক্রিয়া গতিশীল করা এবং ব্যাংক গ্যারান্টি নগদায়নের মতো কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজস্ব আহরণ বাড়াতে খাতভিত্তিক শুল্ক-কর অব্যাহতি প্রজ্ঞাপন পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে। একইসঙ্গে আমদানি-রফতানি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড-ভিত্তিক কাস্টমস কার্যক্রম, ই-পেমেন্ট, ই-ফাইলিং এবং স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি বিলাসী পণ্য ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে শুল্ক-কর হার বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর