Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়ে মিলানো সিরামিকসের উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ১৮:১৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৮:১৫

ঢাকা: রাজধানীতে ইতালীয় ঐতিহ্যের ছোঁয়ায় আয়োজিত হলো এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’। এর মাধ্যমে বাংলাদেশের সিরামিক শিল্পে নন্দনতত্ত্ব ও আধুনিক স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’- এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও অনুষ্ঠান অলংকৃত করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (সুমন), নির্বাহী পরিচালক ইমরান আহমেদ এবং দেশ-বিদেশের খ্যাতনামা স্থপতি, ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সাধুবাদ জানিয়ে বলেন, “মিলানো সিরামিকস একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অত্যাধুনিক ইতালিয়ান প্রযুক্তি, আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন পণ্য এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোগকে সর্বদা উৎসাহিত করে। এ ধরনের বিনিয়োগ দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, মিলানো সিরামিকস আধুনিক প্রযুক্তি, উন্নত ডিজাইন, মানসম্মত উৎপাদন এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর সভাপতি স্থপতি ড. আবুসাঈদ এম. আহমেদসহ দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (সুমন)। নিজের দূরদর্শী ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কেবল সিরামিক পণ্য তৈরি করছি না, আমরা প্রতিটি ঘরকে একটি লিভিং মাস্টারপিসে রূপান্তর করতে চাই।

উদ্বোধন-পরবর্তী পুরো আয়োজনজুড়ে ছিল চোখ ধাঁধানো সাংস্কৃতিক পারফরম্যান্স। যার মধ্যে মিলানো টাইলসের আভিজাত্য ও ক্রাফটের সমন্বয়ে পরিবেশিত ‘ফ্যাশন শো উইথ মিলানো টাইলস’ সকলকে মুগ্ধ করে। এছাড়াও ছিল ইতালিয়ান ঘরানার ক্ল্যাসিক্যাল ‘ব্যালে ড্যান্স’ এবং দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনে তৈরি চমৎকার একটি ‘ইতালি-বাংলাদেশ ফিউশন’ ড্যান্স পারফরম্যান্স।

পুরো অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। এছাড়াও এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের বিদেশি পার্টনারদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালির সিস্টেম সিরামিকস-এর এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি, ডিএলটি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সোফিয়া।

মঞ্চসজ্জায় ফুটিয়ে তোলা হয় মিলানের বিখ্যাত ফ্যাশন ডিস্ট্রিক্টের অনুকরণ। গ্যালারিয়া ভিট্টোরিও ইমানুয়েল (দ্বিতীয়)-এর স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত খিলান, কাঁচের ছাদ ও আলোকসজ্জায় গড়া মঞ্চ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। পুরো ভেন্যু সাজানো হয় ইতালীয় রুচিবোধ অনুসরণ করে, বেজে ওঠে ইতালীয় সংগীত এবং অতিথি আপ্যায়নে রাখা হয় ইতালীয় খাবারের বিশেষ আয়োজন। সব মিলিয়ে আয়োজকদের লক্ষ্য ছিল একটাই- বাংলাদেশের মাটিতে এক টুকরো ইতালির অনুভূতি তৈরি করা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর