Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক মানের ৩ টি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ আইএসইউ-এর

সারাবাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬ ১১:৩৯

আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড একাডেমিক জার্নালের পাঠ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর উদ্যোগে প্রকাশিত এসব জার্নালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

উদ্বোধন করা জার্নালগুলোর মধ্যে রয়েছে আইএসইউ জার্নাল অব ইংলিশ স্টাডিজ (জেইএস), আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জেইটি) এবং আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জেবিডিএস)। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হওয়ায় এসব জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ বিশ্বব্যাপী গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছে আরও সহজে পৌঁছাবে এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অধিকতর গ্রহণযোগ্যতা অর্জন করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণা ও আন্তর্জাতিক মানের একাডেমিক প্রকাশনার কোনো বিকল্প নেই। আইএসইউ গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের এসব জার্নাল বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বিশ্বপরিমণ্ডলে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য করে তুলবে। ভবিষ্যতেও গবেষণার উৎকর্ষে আইএসইউ নিরলসভাবে কাজ করে যাবে।

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর পরিচালক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার গবেষণা ও প্রকাশনার মানে প্রতিফলিত হয়। আইএসইউ সেই লক্ষ্যেই আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে। এই জার্নালগুলো কেবল গবেষণা প্রকাশের মাধ্যম নয়, বরং বৈশ্বিক জ্ঞানচর্চার সঙ্গে আইএসইউর সংযোগকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সহযোগিতা ও উচ্চমানের গবেষণা প্রকাশনার মাধ্যমে আইএসইউকে গবেষণানির্ভর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকবৃন্দ।

অনুষ্ঠানে গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশ, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্বমানের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আইএসইউকে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।