ঢাকা: অগ্রণী ব্যাংকের রমনা শাখার লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালংকার উধাওয়ের ঘটনায় সারাবাংলা ডটনেটে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাটি খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে একটি ইনকোয়ারি বা অডিট টিম গঠন করা হচ্ছে।’
এমডি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগটি সত্য না মিথ্যা—কোনোটিই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘অভিযোগ এসেছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করে দেখবে। পাশাপাশি আমরা অগ্রণী ব্যাংকের কাছে জবাব চাইব। অভিযোগ প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে প্রবাসী নারী ফারজানা রহমান অভিযোগ করেন, অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখার ৪০৯ নম্বর লকারে রাখা তার ও তার মায়ের প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার তার অনুপস্থিতিতে জাল সই ও ভুয়া ঘোষণাপত্রের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে।
এই ঘটনায় সোমবার (৩১ আগস্ট) ‘‘মালিক প্রবাসে, দেশে ব্যাংক থেকে স্বর্ণালংকার-টাকা উধাও! ’’ শিরোনামে সংবাদ প্রকাশ করে সারাবাংলা ডটনেট। এরপরই তদন্ত কমিটি গঠন করা হয়।