ঢাকা: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি’র (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা উদ্যোগ হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ বিষয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিবদ্ধ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অর্থাৎ, সরকারের পক্ষ থেকে জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিলের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে এবং এখন ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তি ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর একটি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের এ উদ্যোগ ব্যাংকটির শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।