ঢাকা: পলিসিধারীদের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বিমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারীদের মধ্যে দাবির চেক হস্তান্তর করা হয়।
গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
আইডিআরএ জানিয়েছে, মোট ৯৪টি চেকের মাধ্যমে এসব বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফের ৫২৮ গ্রাহকের ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং প্রগ্রেসিভ লাইফের ১ হাজার ৩৫০ গ্রাহকের ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা রয়েছে।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফের ৬২৪ গ্রাহকের ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, হোমল্যান্ড লাইফের ১৫ গ্রাহকের ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, সানফ্লাওয়ার লাইফের ২০ গ্রাহকের ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা, বায়রা লাইফের ৮ গ্রাহকের ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা এবং গোল্ডেন লাইফের ৪ গ্রাহকের ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, ‘পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়ানো প্রয়োজন।’
তিনি বলেন, ‘পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।’
আইডিআরএ মনে করছে, পলিসিধারীদের বিমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বিমা খাতের প্রতিও মানুষের আস্থা বাড়বে।