জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সমঝোতা স্মারকে সই করেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড প্রদান করা হবে। কার্ডধারীরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ, পিওএস ও কিউআর পেমেন্ট সেবা এবং এটিএম/সিআরএম নেটওয়ার্কসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্টদের জন্য ফি-ফ্রি সুবিধা, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ভিসা, ইউপিআইসহ অন্যান্য কার্ড স্কিমের সঙ্গেও সেবা গ্রহণের সুযোগ রাখা হবে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।