ঢাকা: ‘মালিক প্রবাসে, দেশে ব্যাংক থেকে স্বর্ণালংকার-টাকা উধাও!’ শিরোনামে গত ৩১ আগস্ট সারাবাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে অগ্রণী ব্যাংক।
প্রতিবাদলিপিতে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির রমনা করপোরেট শাখার লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালংকার উধাও বা লুট হওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা বলছে, গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
ব্যাংকের দাবি, সংশ্লিষ্ট লকারটি প্রয়াত হোসেন জাহানের নামে পরিচালিত ছিল। তার মৃত্যুর পর লকারটির নমিনি ফারজানা রহমান লিমা লিখিত ঘোষণার মাধ্যমে লকারে সংরক্ষিত যাবতীয় সামগ্রী তার বোন ফারহানা রহমানকে হস্তান্তর করে লকারটি বন্ধ করার বিষয়ে অনাপত্তি দেন। প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের মাধ্যমে ব্যাংকের লকার-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতিবেদকের বক্তব্য
অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখার লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও টাকা উধাও হওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি কোনো ব্যক্তিকে আক্রমণ বা প্রতিবেদকের মনগড়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়নি। বাংলাদেশ ব্যাংকে দেওয়া লিখিত অভিযোগ এবং ভুক্তভোগীর সঙ্গে সরাসরি কথা বলার ভিত্তিতেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগে ব্যাংকের লকারে সংরক্ষিত স্বর্ণালঙ্কার ও অর্থ নিয়ে অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং ঘটনাটি যাচাইয়ের চেষ্টা করেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ওই প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানিয়েছে। ব্যাংকের দাবি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট লকারটি প্রয়াত হোসেন জাহানের নামে পরিচালিত ছিল। তার মৃত্যুর পর নমিনি ফারজানা রহমান লিমা লিখিত ঘোষণার মাধ্যমে লকারে থাকা সামগ্রী তার বোন ফারহানা রহমানকে হস্তান্তর এবং লকার বন্ধের বিষয়ে অনাপত্তি দেন।
তবে ব্যাংকের এ বক্তব্যের সঙ্গে অভিযোগকারীর বক্তব্যের পার্থক্য রয়েছে। অভিযোগকারী যে বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং প্রতিবেদকের কাছে যে বক্তব্য দিয়েছেন, সেগুলোর ভিত্তিতেই মূল প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফলে এটিকে প্রতিবেদকের ব্যক্তিগত আক্রমণ বা মনগড়া প্রতিবেদন হিসেবে দেখার সুযোগ নেই।