Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দক্ষতা অর্জনের মাধ্যমে স্কিন চিকিৎসা আরও উন্নত ও রোগীবান্ধব করা সম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৭:৫২

ঢাকা: আধুনিক চিকিৎসা ব্যবস্থায় স্কিন বা ত্বক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও উন্নত, কার্যকর ও রোগীবান্ধব করা সম্ভব।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসে ‘ডারমেটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত ‘ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি’ কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসের কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। তিনি বলেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, যা আমাদের শরীরকে বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং সৌন্দর্য ও সুস্থতার অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসের গুরুত্ব এখানেই, যেখানে শুধু রোগ নিরাময় নয়, বরং ত্বকের সার্বিক যত্ন, পুনরুদ্ধার এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি সমানভাবে গুরুত্ব পায়।
তিনি আরও বলেন, সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে স্কিন সম্পর্কিত চিকিৎসা সেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে, যা একজন রোগীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান শাহীন, এ এন এম হুমায়ুন কবির, প্রফেসর এম এ আব্দুল ওহাব, ডা. সাব্বির হোসেন, স্কয়ার ফার্মার এ এন এম হুমায়ুন কবির এবং প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট’ এর এম এম জাহিদুর রহমান বিপ্লব।

অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসে দক্ষ ডার্মাটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ও প্লাস্টিক সার্জনের সমন্বয়ে এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো ভিটিলিগো সার্জারিতে Non-cultured melanocyte transfer surgery চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস বর্তমানে দেশের অন্যতম ডার্মাটোলজি ইনস্টিটিউট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই