Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ মাস পর রাজবাড়ী সদর হাসপাতালে মিলছে বিনামূল্যে জলাতঙ্কের টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৭

হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে জলাতঙ্কের টিকা।

রাজবাড়ী: চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাজবাড়ী সদর হাসপাতালে আবারও বিনামূল্যে জলাতঙ্কের (র‍্যাবিস) টিকা সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে হাসপাতালের ১০৪ নম্বর কক্ষে রোগীদের এই টিকা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর থেকে টিকার সরবরাহ বন্ধ থাকায় রোগীদের বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছিল। একসময় ফার্মেসিতেও টিকার সংকট দেখা দেয়। পরে বাজারে পাওয়া গেলেও সরকারি হাসপাতালে তা পাওয়া যাচ্ছিল না।

এ ছাড়া, প্রতিদিন গড়ে ২০০-২২০ জন এবং মাসে প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ এই হাসপাতাল থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা নিয়ে থাকেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোনাকান্দর গ্রামের বাসিন্দা মনির বলেন, ‘আমাকে কুকুরে কামড় দিয়েছিল। প্রথমটা কিনে নিয়েছিলাম বাইরে থেকে। আজ এসে দেখি হাসপাতালেই দিচ্ছে। হাসপাতালে সরবরাহ থাকায় বিনামূল্যে ভ্যাকসিন পেলাম। দীর্ঘদিন ধরে হাসপাতালে কুকুর ও বিড়ালের ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল।’

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, ‘২০২৫ সালের ১৩ ডিসেম্বর থেকে রাজবাড়ী সদর হাসপাতালে জলাতঙ্কের (র‍্যাবিস) টিকা দেওয়া বন্ধ ছিল। আজ থেকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু হয়েছে।’

জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও টিকা সরবরাহ নিশ্চিত করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জলাতঙ্কের (র‍্যাবিস) টিকা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর