Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেকের চিকিৎসক-নার্স-কর্মচারীদের জন্য বাস সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩

ঢামেকের চিকিৎসক-নার্স-কর্মচারীদের জন্য বাস সার্ভিস চালু। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের জন্য চালু করা হলো বিআরটিসি দ্বিতল বাস। এতে এখন থেকে হাসপাতালে সেবার মান আরও বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে স্টাফ বাস যাত্রার উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

স্টাফ বাস সার্ভিস ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে। একেকটি বাসে ৭৫ জন যাত্রী নিয়মিত আনা-নেওয়া করবে।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন আপাতত দু’টি রোডে এই বাস চলবে। প্রথমটি ঢাকা মেডিকেল টু চিটাগং রোড। আরেকটি ঢাকা মেডিকেল টু রামপুরা হয়ে বাড্ডা কুড়িল রোডে। সকালে যাত্রীদের হাসপাতালে নিয়ে আসবে, দুপুরে তাদের আবার ওই রোডে পৌঁছে দিয়ে আসবে। পরবর্তী সময়ে এই সেবা আরও পরিসর হবে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘এতদিন হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা গণপরিবহন, অটোরিকশায় হাসপাতালে ডিউটিতে আসতেন। এতে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে ডিউটিতে পৌঁছাতে পারতেন না তারা। এর প্রভাবটা মূলত রোগীদের ওপরই পড়ে। সেই সব বিষয় বিবেচনা করে, চিকিৎসা সেবাদাতাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন দু’টি রোডে স্টাফ বাস সার্ভিস চললেও সেবাগ্রহীতা বাড়লে বাস এবং রোড দু’টিই বাড়ানো হবে। আশা করি এটি তাদের কাজের জন্য আরও সহায়ক হবে। সেই সঙ্গে সেবার মানও বাড়বে। একটি বাস ঢাকা মেডিকেল টু চিটাগং রোড। আরেকটি ঢাকা মেডিকেল টু রামপুরা বাড্ডা কুড়িল রোডে চলবে আপাতত।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলমসহ নার্স ও কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর