বিশ্বজুড়ে হঠাৎ করেই মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে একাধিক দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ এই বিভ্রাটের খবর আসতে শুরু করে।
ব্যবহারকারীরা জানান যে, তারা ডেস্কটপ এবং মোবাইল উভয় ডিভাইস থেকেই ফেসবুক ‘অপেন’ করতে পারছিলেন না।
ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে ব্যবহারের চেষ্টা করলে একটি ত্রুটির বার্তা দেখতে পান। যেখানে লেখা ছিল, ‘অ্যাকাউন্ট টেমপোরারেলি আনএভেইলেবল’। ‘সাইট ইস্যুর’ কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে আনএভেইলেবল। আমরা আশা করছি, শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।’
কিছু ব্যবহারকারী জানান, মোবাইল অ্যাপে ফেসবুক আগে লোড করা পেজগুলোতেই আটকে ছিল এবং নতুন কন্টেন্ট রিফ্রেশ হচ্ছিল না।
বিশ্বজুড়ে ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি করা প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্টর’-এর বরাতে জানা গেছে, হাজার হাজার ব্যবহারকারী এরইমধ্যে ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন।
তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার ডাউন বা এই কারিগরি ত্রুটির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।