ঢাকা: আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলোকে দক্ষ মানবসম্পদ, স্টার্টআপ ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (২২ আগস্ট) যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়; বরং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলোকে উদ্ভাবন, স্টার্টআপ ও দেশি-বিদেশি বিনিয়োগের কার্যকর কেন্দ্র হিসেবে রূপান্তর করতে হবে।
প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, কত ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হলো বা কতটি সনদ প্রদান করা হলো—তা সাফল্যের মাপকাঠি হতে পারে না। প্রশিক্ষণ শেষে একজন তরুণ চাকরি পেলেন কি না, ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে পারলেন কি না, কিংবা অর্জিত দক্ষতা বাস্তবে কাজে লাগাতে পারলেন কি না—তা মূল্যায়ন করতে হবে এবং আফটার কেয়ার বা পরবর্তী সহায়তা ব্যবস্থা রাখতে হবে। স্মার্ট বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে শুধুই চাকরিপ্রার্থী তৈরি না করে কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা তৈরিতে জোর দেন তিনি।
তিনি আরও জানান, এসব কেন্দ্রে উদ্যোক্তাদের জন্য মেন্টরিং, প্রযুক্তিগত সহায়তা, ব্যবসায়িক ধারণা যাচাই, পণ্য উন্নয়ন ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ও শিল্প সংগঠনগুলোকে এক ছাদের নিচে এনে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (BHTPA) অধীনে থাকা সেন্টারগুলোর মান ও দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এই নির্দেশিকার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি, কোর্স পরিচালনা, মূল্যায়ন ও সনদ প্রদান থেকে শুরু করে সবকিছু ধীরে ধীরে একটি ডিজিটাল ব্যবস্থাপনা কাঠামোর আওতায় আনা হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান। সেমিনারে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং তরুণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব: আইসিটিমন্ত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৮:৫৭
২২ আগস্ট ২০২৬ ১৮:৫৭
সারাবাংলা/এনএল/এসএস