ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৬–২০২৮) ১১টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্ধী ২৬ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাহী পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭) বাণিজ্য মন্ত্রণালয় এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রফতানি-১) তানিয়া ইসলাম তিন সদস্যের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন উপসচিব (রফতানি-২) নাসরিন সুলতানা এবং উপসচিব (রফতানি-৩) মোহাম্মদ জাকির হোসেন
প্রাথমিক তালিকা অনুযায়ী, সভাপতি পদে চার জন, জেষ্ঠ সহ-সভাপতি পদে তিন জন, সহ-সভাপতি (অ্যাডমিন) পদে দু’জন, সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে তিন জন, পরিচালক (জেনারেল) পদে ১০ জন, পরিচালক (অ্যাসোসিয়েট) পদে তিন জন এবং পরিচালক (অ্যাফিলিয়েট) পদে মাত্র একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- DNS Software Ltd.-এর রাফেল কবির, Flora Telecom Limited-এর মোস্তফা রফিকুল ইসলাম, Divine IT Limited-এর ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং Decent Act International-এর এ কে এম আশরাফ উদ্দিন।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ICC Teleservices Limited-এর সাইফুল ইসলাম সিদ্দিক, Right Brain Solution Ltd.-এর নূর মাহমুদ খান এবং Tech Terrain IT Limited-এর আনিসুল হক ভূঁইয়া।
ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) পদে Smart Lab-এর হাসনাইন মো. রেয়াদ এবং SkyTech Solutions-এর মো. মুসনাদ ই আহমেদ।
ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে Synergy Interface Ltd.-এর তানিয়া সুলতানা, Fingertips Innovations Limited-এর তৌফিকুল করিম সুহৃদ এবং Trends Bird Limited-এর তানজিল আবেদিন।
পরিচালক (জেনারেল) পদে Trust IT (BD) Ltd.-এর মো. জুয়েল, Bdtask Limited-এর সুমচ মোহাম্মদ তারেক, BZM Graphics Limited-এর আপেল মাহমুদ খান, OS CLICKS-এর মো. আবদুর রাজ্জাক রূপম, BugsBD Limited-এর দেলোয়ার আলম, Pulse Tech Ltd.-এর আরাফিন রাফি আহমেদ, Primex Information Systems Limited-এর আবদুল্লাহ আল মামুন, Atova Technology-এর ফেরদৌস আলম, E-Medical Software Limited-এর মো. রাশেদুল ইসলাম এবং Red Sparrow Limited-এর মো. ফুয়াদ হাসান।
পরিচালক (অ্যাসোসিয়েট) পদে Be Data Solutions Limited-এর সৈয়দ শফিউল আলম, Sysmatrix Technologies Ltd.-এর মো. জুবায়ের রিয়েল এবং Grameen Healthtech Limited-এর আহমেদ আরমান সিদ্দিকী। পরিচালক (অ্যাফিলিয়েট) পদে Creato Design Research Lab Ltd.-এর সুমাইয়া ইসলাম।
১১টি পরিচালক পদের একটি ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে কোনো প্রার্থী নেই। বেসিসের ২ হাজার ৮৮২-এর বেশি সদস্যের মধ্যে এই ক্যাটাগরিতে সদস্য রয়েছেন মাত্র পাঁচজন। ফলে এত কম সদস্যের জন্য পদটি রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১৪ থেকে ২০ আগস্ট বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ১২৩ ও ১২৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়। দীর্ঘদিনের প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের মেয়াদ গত ৬ জুলাই শেষ হয়। এরপর থেকে সংগঠনটি স্থায়ী প্রধান ছাড়াই চলছে।
এর আগে ১৪ মার্চ প্রশাসকের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের মেমোরেন্ডাম হালনাগাদ, সদস্যপদ যাচাই, ভোটার তালিকা, বাজেটসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। ২৭ জুলাই মন্ত্রণালয়ের একটি দল বেসিস কার্যালয় পরিদর্শন করে, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে বলা হয়।
এ নিয়ে বেসিসের কয়েকজন সাবেক নেতার মধ্যেও সমালোচনা দেখা দিয়েছে। সাবেক বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘গত দেড় বছরে সংগঠনটি পরিচালনায় মন্ত্রণালয়ের ভূমিকা সদস্যদের নির্বাচনে অংশগ্রহণে নিরুৎসাহিত করেছে।’ মাত্র পাঁচ সদস্যের জন্য ইন্টারন্যাশনাল ক্যাটাগরির পরিচালক পদ রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রাথমিক প্রার্থী তালিকাটি এখনো চূড়ান্ত নয়। প্রার্থীদের ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পুলিশের কাছ থেকে। যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে নির্বাচন বোর্ড পূর্ব নোটিশ ছাড়াই তার প্রার্থিতা বাতিল করতে পারবে।