Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ০৮:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:০১

ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে।

ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এ নিষেধাজ্ঞা স্থগিত করা হলো।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তার ভাষ্য, ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

ইরান পারস্য উপসাগরে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ সাধারণত এই প্রণালি দিয়েই পার হয়।

এদিকে গত বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সরকারি তেল রিজার্ভ থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৪০ কোটি ব্যারেল তেল ছাড় করা নির্দেশ দিয়েছে।

সারাবাংলা/এএ