Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৪৭

গত ৪ মার্চ আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: এপি

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় নিহত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানে মরদেহগুলো ইরানে পাঠানো হবে। ইরানের দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এ ঘটনায় ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কা নৌবাহিনী দুর্ঘটনার পর ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে। তারা আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো।

বিজ্ঞাপন

এদিকে দেনা ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটি এবং এর ২১৯ সদস্যের ক্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুশেহর জাহাজটির দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার নৌবাহিনী সেটি মেরামতের চেষ্টা করছে। জাহাজটির ক্রুরা একটি ক্যাম্পে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে ২২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তাদের দ্বীপের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকটি ইরানি জাহাজ শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলের কোচি বন্দরে আশ্রয় নিয়েছে। জাহাজটির ১৮৩ জন ক্রু বর্তমানে ভারতের হেফাজতে রয়েছেন। শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশই জানিয়েছে, মানবিক কারণে ইরানি নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে। কারণ আশঙ্কা করা হচ্ছিল, সমুদ্রে থাকলে তারাও মার্কিন হামলার শিকার হতে পারতেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর