Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের ইরান-ইসরায়েলের পালটাপালটি হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
৮ জুন ২০২৬ ০৯:৫২ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৩:৫৭

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় আকাশে আলোর রেখা। ছবি: রয়টার্স।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বুধবার (৮ জুন) আল–জাজিরার খবরে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করেছে। আইআরজিসি বলেছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর দেশটির রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া, মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় বলেছে: ‘কিছুক্ষণ আগে, ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

তবে এখনো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।

ইসরায়েল লেবাননে হামলার মাধ্যমে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে—এমন অভিযোগ তুলে এর আগে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, এই হামলা টানা সপ্তাহব্যাপী আক্রমণের সূচনা মাত্র।

সারাবাংলা/এএ