Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: চীনা প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২২:৪১ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:৩৯

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

ঢাকা: বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বে আবদ্ধ ঘনিষ্ঠ প্রতিবেশী। বাংলাদেশের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ এবং নতুন সরকারের শাসন কার্যক্রমে চীন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে।

পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের ভিত্তিতে দুই দেশ কৌশলগত আস্থা আরও গভীর করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন ও বৃহত্তর উচ্চতায় পৌঁছাবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।

বিজ্ঞাপন

উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ থেকে আরও বেশি মানসম্পন্ন পণ্য আমদানিতে চীন আগ্রহী বলে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বহুপাক্ষিক অঙ্গনে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও আত্মনির্ভরতা জোরদার এবং ‘গ্লোবাল সাউথ’-এর যৌথ উন্নয়ন নিশ্চিত করতে চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।

সারাবাংলা/এফএন/এসএস