ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) সম্প্রতি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা দুই ডোজের এই টিকা নিতে পারবেন। তিন মাসের ব্যবধানে দুটি ডোজ গ্রহণ করতে হবে। এই টিকা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম।
কোম্পানিটি জানিয়েছে, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক, কিউডেঙ্গা টিকা নেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে ডেঙ্গু সংক্রমণ হয়েছে কি না, তা জানতে কোনো প্রাক্-টিকাদান পরীক্ষার (প্রি-ভ্যাকসিনেশন স্ক্রিনিং) প্রয়োজন নেই।
সে ক্ষেত্রে কিউডেঙ্গা ভারতে বাজারজাতকরণের অনুমোদন পাওয়া ডেঙ্গুর প্রথম টিকা হতে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ওষুধটির উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থা বায়োলজিক্যাল ই-এর সাথে টাকেডার একটি সহযোগিতা চুক্তি রয়েছে।
এই টিকাটি ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দেয় এবং ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশে এটি অনুমোদিত।
এই টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনও পেয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী ২৪ মিলিয়নেরও বেশি ডোজ বিতরণ করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের খবর পাওয়া যায়নি।
নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সাম্প্রতিক দশকগুলিতে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ কোটি থেকে ৪০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ভারতে ১০ লাখেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ১,৫০০ জনের মৃত্যু হয়েছে।