হাসপাতালে ২৬ দিনের টানা অনশন ভাঙলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির সমর্থনে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে আরও জোরালো করেছিলেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রের আশ্বাসের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে অনশন ভাঙেন তিনি। এ সময় হাসপাতালে ঊর্ধ্বতন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অবশেষে আমি অনশন ভেঙেছি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে এসে কিংবা চিঠির মাধ্যমে আমাকে অনশন ভাঙার অনুরোধ জানান। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’
শর্তগুলোর বিস্তারিত শিগগিরই একটি আলাদা ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন সোনম। সেই সঙ্গে কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান এই অধিকারকর্মী।
এদিকে সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরপরই এক্সে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে তিনি বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। সোনমজির সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’
এর আগে, সরকারের দিনব্যাপী আলোচনার পর এই অনশন ভাঙানো সম্ভব হয়।
এনডিটিভিকে সূত্র জানিয়েছে, ছাত্র বিক্ষোভ তীব্র হওয়ার পাশাপাশি সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে চার ঘণ্টাব্যাপী একটি বৈঠক করেছেন।
সূত্র আরও জানায়, আলোচনার সময় সরকার সোনম ওয়াংচুকের উত্থাপিত দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে তার স্বাস্থ্য ও সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ড. জিতেন্দ্র সিং সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর সঙ্গে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন, এই আন্দোলনকর্মীর উত্থাপিত দাবিগুলো সরকার পূরণ করবে।
পরে সন্ধ্যায়, জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং মেদান্তা হাসপাতালে ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এবং ব্যক্তিগতভাবে তার হাতে সরকারের আশ্বাসপত্রটি তুলে দেন।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির
সোনম ওয়াংচুকের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপির (ককরোচ জনতা পার্টি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘২৬ দিন পর সোনম স্যার অনশন ভাঙায় আমরা স্বস্তি পেয়েছি এবং তার প্রতি কৃতজ্ঞ। স্যারের এ অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে তিনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এ দেশের জন্য তার জীবন অনেক বেশি মূল্যবান।’
তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দিপকে।