যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে একটি খাবারের উৎসবে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে দুজন নিহত ও শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে সিএনএন জানিয়েছে রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর সিয়াটল সেন্টারে গুলি চালানোর খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হন।
দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।
আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’
হামলাকারীদের আটক করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সিয়াটল পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন শহরটির মেয়র কেটি উইলসন।
সপ্তাহের শেষে দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের নাম দেওয়া হয় বাইট অফ সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশ নেয়। সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এই বছর যুক্তরাষ্ট্রে ঘটা অন্তত ২৭১টি গণগুলিবর্ষণের ঘটনার মধ্যে এটি একটি।