পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি হাসপাতালে (পিআইএমএস) আগুন লেগে অন্তত ১৫টি নবজাতক শিশু নিহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সম্প্রচার মাধ্যম জিও টিভি এ তথ্য জানিয়েছে।
সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এর স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডের তৃতীয় তলায় সকাল ৭টার দিকে (০২০০ জিএমটি) আগুন লাগে।
ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
পিআইএমএসের কর্মকর্তারা জানান, হাসপাতালটির ওই ওয়ার্ডে নবজাতকদের রাখার কক্ষে মোট ১৬টি শিশু ছিল। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় লাগা আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স সেখানে উদ্ধারকাজে অংশ নেয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
শরীফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, ওয়ার্ডটি ঘিরে ফেলা হয়েছিল এবং হাসপাতাল ভবনের বাইরে অ্যাম্বুলেন্স দেখা গেছে।
ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত পিআইএমএস শহরটির অন্যতম প্রধান সরকারি হাসপাতাল, যেখানে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অল্প সময়ের জন্য চিকিৎসা নিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটির হাসপাতালে ঘটা সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডগুলোর মধ্যে এটি অন্যতম। দেশটিতে সরকারি স্বাস্থ্যসেবায় ভর্তুকি দেওয়া হলেও সেখানকার প্রতিষ্ঠানগুলোর সম্পদ অপ্রতুল ও অতিরিক্ত কাজের চাপে জর্জরিত।