নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে ঘর-বাড়ি থেকে শুরু করে গ্রামের সবকিছু। কাদামাটির স্রোত গ্রাস করেছে মাইলের পর মাইল জমি। সেই কাদামাটির স্রোতেই ভেসে আসছিল একটি ব্যাংকের লকার। বিপর্যয়ের মধ্যে সেই সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাসুয়া এলাকায় ভোটেকোশী নদীতে প্রথমে ওই লকারটি ভাসতে দেখা গিয়েছিল। পরে ধড়িংয়ের কাছে গলছিতে ত্রিশূলী নদীতে তার হদিস মেলে।
ধড়িং পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে যে, স্থানীয়দের একাংশ সেই লকার ভেঙে টাকা নিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেখানে একটি দল পাঠায় ধড়িং থানা। তারা গ্রামে গ্রামে ঘুরে ২৯ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি টাকা উদ্ধার করে। বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটকদের বেশির ভাগই গলছি-৪-এর মাস্তারের বাসিন্দা। কয়েক জন আদমঘাটের বাসিন্দা। বাকিরা চিতওয়ান, পারসার এলাকার। তাদের বয়স ১৯ থেকে ৪৯ বছর। ওই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, খোঁজ নিচ্ছে পুলিশ।
এর আগে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বানের জলে ভেসে আসা এক মহিলার দেহ থেকে দুল খুলে নিচ্ছে দুই যুবক। সেই ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। নেপাল পুলিশ জানিয়েছে, মৃত ও আহতদের প্রতি কোনও রকম অমর্যাদা বরদাস্ত করা হবে না।