মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে দাবি করেছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তার এই দাবি বাংলাদেশ সরকারের অফিসিয়াল বা আনুষ্ঠানিক বক্তব্য নয় বলে জানিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র সেরি ফাহমি ফাদজিল।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
মুখপাত্র ফাহমি ফাদজিল বলেন, ‘মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে একজন বাংলাদেশি মন্ত্রীর দাবি– সরকারের সরকারি অবস্থানের প্রতিনিধিত্ব করে না।’
তিনি জানান, মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে জানিয়েছেন, এই বিবৃতিটি একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া। এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়। সুতরাং এটি কোনো সরকারি অবস্থান নয়।
এর আগে, মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেবে।
তিনি আরও বলেছিলেন, মালয়েশিয়া অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ধাপে ধাপে কর্মী পাঠানো শুরু হবে এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে বলে রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন।