Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৯:০৭

প্রাথমিক বিদ্যালয়

ঢাকা: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক সপ্তাহের মধ্যে দশম গ্রেড দিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বুধবার (১৬ জুলাই) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। গ্রেড না দিলে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ বলেন, ২০১৪ সালের ৯ মার্চ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। পরে হাইকোর্টে রিট করেন ৪৫ জন প্রধান শিক্ষক। ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের ১৩ মার্চ রিভিউ খারিজ হয়। এরপর গত ৭ জুলাই ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবাই রিট না করলেও বাকি প্রধান শিক্ষকদেরও রায় অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু তাদের তা না দেওয়ায় এই লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে আইন সচিব, জনপ্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থসচিব ও শিক্ষাসচিবকে এ নোটিশ পাঠানো হয়।

সারাবাংলা/আরএম/এমপি