Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনার ২ আসনের সীমানা নিয়ে লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৪:১২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৫

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: পাবনা-১ সংসদীয় আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

একইদিনে পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিও হবে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দুটি বিষয়ের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে নির্ধারিত সময় অনুযায়ী এই দুই আসনে নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়েছে। পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন দায়ের করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনে নির্বাচন স্থগিত থাকবে বলে জানানো হয়।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত ২৪ ডিসেম্বর জারি করা গেজেট স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর