Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান চলছে হিলি বাজারে।

হিলি: পবিত্র মাহে রমজানে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের বাজারদর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্যতালিকা না টাঙানোর কারণে তিন দোকানদারকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ এসব অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে টাঙানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। কিন্তু তিনটি দোকানে দৃশ্যমান জায়গায় মূল্যতালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। অভিযানে হাকিমপুর থানার এসআই খতিবর রহমানসহ পুলিশের একটি চৌকস দল যুক্ত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, রমজান জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর