Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ বালু উত্তোলনের ঘটনায় অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৬:০৬

অবৈধভাবে বালু উত্তোলনের স্থানে অভিযানের সময়কার ছবি।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে এবং ড্রেজারসহ নানা সরঞ্জাম অকেজো করা হয়েছে।

রোববার (১ মার্চ) উত্তর হারবাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মো. মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ করা হয় এবং পাইপলাইন অকেজো করে দেওয়া হয়।

আরও জানা যায়, এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) চকরিয়া পৌরসভার আমাইন্যার চর এলাকায় পৃথক অভিযানে দুইটি স্পটে আনুমানিক আড়াই লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছিল। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার ও বড় পাইপলাইন অকেজো করা হয়েছিল।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা বালু সোমবার (২ মার্চ) জব্দকৃত স্থানেই উন্মুক্তভাবে নিলাম করা হবে।

অভিযান পরিচালনাকারী চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ বালু উত্তোলনে যদি কোনো ভূমির মালিক ভূমি ব্যবহারের সুযোগ করে দেন, তবে দাগ ও খতিয়ান অনুযায়ী যিনি ওই জমির মালিক, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং ভূমি সুরক্ষায় প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মনে করে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর