Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও খালেদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৩:৫৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৪:৪৭

শেখ মামুন খালেদ মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের জন্য ৭ এপ্রিল দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে প্রসিকিউশন পক্ষ থেকে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গেফতার দেখানোর আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া পৃথক আরেক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ