Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক ডিজিএফআই পরিচালক আফজালের ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৬:২১ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:২৫

মো. আফজাল নাছের।

ঢাকা: রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন এই আবেদন করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আফজাল নাছেরের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার ভোরে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতা অবস্থান নিলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশ’ কর্মী দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে দাবি করা হয়েছে, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো