Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজির মামলায় সাবেক এমপি বিএম মোজাম্মেলের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:০৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩১

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক

ঢাকা: ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪তম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। একইসঙ্গে মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

আদালতে হাজির করা হলে মোজাম্মেলের পক্ষে তার আইনজীবী মো. লিটন মিয়া জানান, মামলার বাদী খলিলুর রহমানও এদিন উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। অভিযোগ গঠনের পর বাদী আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, মোজাম্মেল হক খালাস পেলে তার কোনো আপত্তি নেই।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নিয়ে খলিলুর রহমানের কাছে নির্বাচনি ব্যয়ের জন্য ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে এ মামলা দায়ের করেন। পরে ৫ অক্টোবর ঢাকার নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো