Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক ও জুয়া কার্যক্রম বন্ধে জরুরি নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীকে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৫:০২

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

ঢাকা: রাজধানীসহ সারাদেশে অবৈধ সিসা (শিশা) লাউঞ্জ অনুমোদনবিহীন বার ও অভিজাত ক্লাবে মাদক ও জুয়া কার্যক্রম বন্ধে প্রধানমন্ত্রীর কাছে জরুরি ও কঠোর নির্দেশনার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু প্রধানমন্ত্রীর তেজগাঁও অফিসের ঠিকানায় আবেদনটি পাঠান।

আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি দেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ভবিষ্যতের আশার আলো দেখিয়েছে। কিন্তু বাস্তবতা উদ্বেগজনক। গুলশান, বনানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় অবৈধ সিসা লাউঞ্জের আড়ালে মাদক বিক্রি, সেবন এবং জুয়া চলছে। অনুমোদিত বার ও ক্লাবের আড়ালে এসব কার্যক্রম সংগঠিত হওয়ায় আইন, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

আবেদনে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে– অবৈধ সিসা লাউঞ্জ, মাদক স্পট ও জুয়ার আসর চিহ্নিত করে অবিলম্বে সমন্বিত অভিযান পরিচালনা, উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত ও কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলিকে জবাবদিহিতার আওতায় আনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অনুমোদনবিহীন বার, ক্লাব ও অন্যান্য স্থানে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, একটি কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন করে দেশের সকল সিসা লাউঞ্জ ও মাদক কার্যক্রম বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়া।

আবেদনকারীর মতে, রাতের আধারে এসব লাউঞ্জে তরুণরা আসক্ত হয়ে পড়ছে। যা জাতির ভবিষ্যতের জন্য গভীর সতর্কবার্তা হিসেবে বিবেচিত।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো