Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসা শেষে ফের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন

স্টাফ করেসপন্ডেট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:৪১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:০৩

সাবেক এমপি মাসুদ উদ্দিন।

ঢাকা: ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তাকে আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং আরও তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী শারীরিকভাবে অসুস্থ এবং আগেও একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি দেখানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে ১১ এপ্রিল আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ১২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠায় ফের তাকে আদালতে তোলা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কিছু তথ্য দিলেও গুরুত্বপূর্ণ বিষয় গোপন করছেন। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর